February 25, 2026
Saturday, September 27th, 2025, 11:17 am

ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল ড. ইউনূস, পাশে মেয়ে

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধ্যাপক ড. ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের ছবি প্রকাশ করেছে প্রেস উইং।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, অন্য পাশে মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তাঁর মেয়ে দিনা ইউনূস। তিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন–স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এনএনবাংলা/