February 26, 2026
Sunday, November 16th, 2025, 6:26 pm

অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন মেহজাবীন

 

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রোববার (১৬ নভেম্বর) ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলার কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আদালত সূত্র জানায়, নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নতুন তারিখ ১৮ ডিসেম্বর ধার্য করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন। এই আস্থায় বাদী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা তাদের প্রদান করেন। তবে দীর্ঘ সময় পরেও তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি এবং টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ আছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকি দেন। তারা জানান, যদি টাকা চাইতে আসেন বা বাসার সামনে দেখা হয়, তবে ক্ষতি করা হবে। এই ঘটনায় বাদী আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে বাদী ভাটারা থানায় অভিযোগ করতে গেলে থানার কর্মকর্তারা তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। এর ভিত্তিতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

এনএনবাংলা/