ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ দাবি জানান।
ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হামলাকারী, এর নেপথ্য পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতির প্রমাণ মিলবে, তাদের আইনের মুখোমুখি করতে হবে। পাশাপাশি যারা এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই তথাকথিত কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এসব পদক্ষেপ অবিলম্বে দৃশ্যমান করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের গাফিলতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। অভিযুক্তদের দেশে ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না দেখা গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
হাজারীবাগে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক
টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর