February 26, 2026
Saturday, December 20th, 2025, 5:48 pm

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বানও জানিয়েছেন।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে দুজারিক বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে এবং মহাসচিব এই ঘটনা নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সকল পক্ষকে সহিংসতা এড়াতে হবে। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানান এবং বললেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা রোধ করতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা প্রয়োজন, যাতে শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করা যায়।

এর আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনও ওসমান হাদির হত্যাকাণ্ডকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করে। তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দ্রুত, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্ত চালাতে। মানবাধিকার কমিশনার ফলকার তুর্কও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

জেনেভা থেকে প্রকাশিত বিবৃতিতে মানবাধিকার কমিশনার বলেন, “গত বছর বাংলাদেশের ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত।” তিনি আরও উল্লেখ করেন, হাদি গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, প্রতিশোধ এবং সহিংসতা শুধুমাত্র বিভেদকে বাড়াবে এবং সকলের অধিকার ক্ষুণ্ন করবে।

এনএনবাংলা/