February 24, 2026
Sunday, December 21st, 2025, 7:22 pm

নিজেকে বদলানোর মন্ত্র জানালেন শাকিব খান

 

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কীভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হন—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনই এক প্রশ্নের জবাব দিয়ে নিজেকে বদলে নেওয়ার দর্শন তুলে ধরেছেন এই জনপ্রিয় অভিনেতা।

শাকিব খানের ইনস্টাগ্রামে দেওয়া একটি ছবির মন্তব্য ঘরে এক ভক্ত তাকে মেনশন করে লেখেন, “ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এতো তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?”

ভক্তের এমন প্রশ্নের উত্তরে শাকিব খান জানান, নিজেকে বদলানোর মূল চাবিকাঠি হলো সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা এবং শেখার প্রবল আগ্রহ।

ইনস্টাগ্রামে দেওয়া মন্তব্যে শাকিব খান লেখেন, “সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি—প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।”

শুধু নিজের অভিজ্ঞতাই নয়, ভক্তদের উদ্দেশেও অনুপ্রেরণামূলক বার্তা দেন ঢালিউড কিং। তিনি বলেন, “চেষ্টা করো, তুমিও এটা পারবে।”

শাকিব খানের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তই তার মন্তব্যকে অনুপ্রেরণামূলক এবং জীবনদর্শনের প্রতিফলন হিসেবে উল্লেখ করছেন।

প্রসঙ্গত, দীর্ঘ আড়াই দশকের অভিনয়জীবনে শাকিব খান শুধু অভিনয় নয়, বরং চরিত্র নির্বাচন, শারীরিক প্রস্তুতি এবং পর্দার উপস্থিতিতে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে সময়োপযোগী করে তুলেছেন। সর্বশেষ তিনি ‘সোলজার’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। সামনে বহুল প্রতীক্ষিত বড় বাজেটের সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/