February 24, 2026
Monday, December 22nd, 2025, 5:14 pm

ফোনালাপ শুনে একে-অপরের দিকে তাকিয়ে হাসলেন সালমান-আনিসুল

 

জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক বেঞ্চে এই আবেদন উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানির শুরুতেই আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এ সময় ২০২৪ সালের ১৯ জুলাইয়ের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। এরপর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনা পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পাঠ করে শোনান তাজুল ইসলাম।

শুনানিকালে প্রসিকিউশনের উপস্থাপিত অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন সালমান ও আনিসুল। তবে অনুমতি নিয়ে ফোনালাপটি বাজানো হলে তারা একে অপরের দিকে তাকান এবং একপর্যায়ে দুজনের মুখে হাসি দেখা যায়। তারা পরস্পরের সঙ্গে কথাবার্তাও বলেন।

ফোনালাপে শোনা যায়, আন্দোলন দমনের নামে ছাত্র-জনতাকে নির্মূল করার কথা বলেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। পাশাপাশি কারফিউ জারির পরামর্শও দেওয়া হয়। কথোপকথনের একপর্যায়ে বলা হয়, ‘এগুলো ফোনে বলা উচিত নয়’।

শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আনুষ্ঠানিক আবেদন করেন চিফ প্রসিকিউটর। এ সময় তার সঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরবর্তী শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

এনএনবাংলা/