ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিসহ স্বৈরাচারী শাসনামলে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের চব্বিশের আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাদির স্বপ্ন ছিল—এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাবে। তিনি বলেন, ওসমান হাদিসহ একাত্তরের শহিদরা এবং বিগত সরকারের সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এর আগে, লাখো নেতাকর্মীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনস্রোত পেরিয়ে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) নির্মিত সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখার পর বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, নেতাকর্মীদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের একটি বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান। বাসটিতে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে জড়ো হন।
সংবর্ধনাস্থলে তারেক রহমানকে বহনকারী বাস পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে বাঁধভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে। ‘বীরের বেশে, তারেক রহমান আসছে ফিরে বাংলাদেশে’সহ নানা স্লোগানে দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এনএনবাংলা/


আরও পড়ুন
সংরক্ষিত নারী এমপি হিসেবে আলোচনায় আরিফা সুলতানা রুমা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার