বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সর্বপ্রথম রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমা খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা একে একে কবরে ফুল দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে মরহুমা নেত্রীর প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও শ্রদ্ধা নিবেদন পর্বে দেশের রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আরও পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান