Sunday, February 1st, 2026, 3:18 pm

সাবেক এমপি বাহাউদ্দিন ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ

 

সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক মো. হোসাইন শরীফ। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধান ও নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে—বাহাউদ্দিন নাছিম এবং তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেন ও সঞ্চয় করেছেন।

আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা বিদেশে পাচারের চেষ্টা করছেন। এ অবস্থায় ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই হিসাবগুলোর লেনদেন অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এনএনবাংলা/পিএইচ