Sunday, February 1st, 2026, 4:27 pm

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার ধারণা, এবার এর চেয়েও বেশি ভোট পড়বে।

তিনি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। এবারও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের অবস্থান ও পদক্ষেপ আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

‘হ্যাঁ ভোট’ নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, হ্যাঁ ভোট নিয়ে মানুষের মধ্যে একসময় দ্বিধা ছিল। জামায়াত ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দেন।

তিনি আরও বলেন, মানুষ দলগুলোর অবস্থান অনুসরণ করেই ভোট দেবে। বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে, তাই হ্যাঁ ভোট সহজেই পাশ হবে বলে আমি মনে করি।

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টা দ্রুত ভিসা পাওয়ার সুবিধার্থে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন। তবে আমি এখনো আমার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডিক্যাব টকে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

এনএনবাংলা/