পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকসহ মোট ২২ জন আসামির বিরুদ্ধে এ রায় দেবেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. হাফিজুর রহমান জানান, দুদকের দায়ের করা এ দুটি মামলার রায় ঘোষণার জন্য নির্ধারিত তারিখ সোমবার।
তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলার রায় ঘোষণা করা হবে।
এর আগে ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ সংক্রান্ত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন।
অন্যদিকে, ১৮ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায়ের দিন ঘোষণা করা হয়।
এ দুই মামলার আসামিদের মধ্যে রয়েছেন—
শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সাবেক ও বর্তমান সচিব ও রাজউকের একাধিক কর্মকর্তা এবং দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রত্যেক মামলায় ১৮ জন করে আসামি রয়েছেন। এর মধ্যে ১৪ জন দুই মামলারই সাধারণ আসামি, এবং প্রতিটি মামলায় চারজন করে ভিন্ন আসামি রয়েছেন।
অভিযোগের বিবরণ—
দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এ অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
এর আগে ৩১ জুলাই একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার নামে প্লট বরাদ্দ সংক্রান্ত একটি মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নিয়োগ দুর্নীতি : এসেনসিয়াল ড্রাগসের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫ জঙ্গি
বড় মেয়ের বিয়ে দিলেন তারকা দম্পতি নাঈম–শাবনাজ