বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ না থাকলেও, মিরপুরের ২২ গজে উত্তাপ ছড়াতে প্রস্তুত জাতীয় দলের তারকারা। ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।
রোববার এই টুর্নামেন্টের জন্য তিনটি শক্তিশালী দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলগুলোর নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
ধূমকেতু একাদশে ভয়ংকর পেস আক্রমণ, নেতৃত্বে লিটন দাস
লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশে রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী পেস আক্রমণ। দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে থাকছেন নাসুম আহমেদ, আর ব্যাটিং শক্তি বাড়াতে আছেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।
শান্তর দুর্বার একাদশে অভিজ্ঞতা ও ভারসাম্য
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশে দেখা যাবে অভিজ্ঞ ও অলরাউন্ডারদের সমন্বয়। দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব এবং উইকেটকিপার নুরুল হাসান সোহান। পেস আক্রমণে দায়িত্ব সামলাবেন হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তরুণ প্রতিভায় সাজানো দুরন্ত একাদশ, নেতৃত্বে আকবর আলী
আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ মূলত বয়সভিত্তিক ও হাই-পারফরম্যান্স ইউনিটের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত। ভবিষ্যৎ জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার সুযোগ থাকবে এই দলে।
৫ ফেব্রুয়ারি শুরু, ফাইনাল ৯ ফেব্রুয়ারি
আগামী ৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে চার দিনের এই টুর্নামেন্টের। দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচ শুরু হবে। লিগ পর্ব হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।
একনজরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের চূড়ান্ত স্কোয়াড
ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
নিয়োগ দুর্নীতি: এসেনসিয়াল ড্রাগসের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫ জঙ্গি