ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ এখন শ্বশুর-শাশুড়ি। তাঁদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবরটি শেয়ার করেছেন অভিনেতা নাঈম।
যদিও শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে আনেন নাঈম, তবে জানা গেছে মাহাদিয়ার বিয়ে সম্পন্ন হয় গত বছরের ২৪ ডিসেম্বর। ঢাকার উত্তরায় পারিবারিক পরিসরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

মাহাদিয়ার জীবনসঙ্গীর নাম ইহসান মনসুর চৌধুরী। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই পারিবারিক সিদ্ধান্তে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে আবেগঘন বার্তায় নাঈম লেখেন, “আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে আমাদের প্রিয় কন্যা মাহাদিয়া নাঈমের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সংবাদ জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জীবনের নতুন এই সুন্দর অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির জন্য সকলের দোয়া কামনা করছি।”

অন্যদিকে মাহাদিয়ার মা ও অভিনেত্রী শাবনাজ সন্তোষ প্রকাশ করে জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তাঁরা স্বস্তিতে আছেন। তিনি নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
এনএনবাংলা/


আরও পড়ুন
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
ফেরা হলো না আর অভিনয়ে, চিরনিদ্রায় শামস সুমন
ঈদে জমজমাট সেমাইয়ের বাজার, বেচাকেনায় স্বস্তি ব্যবসায়ীদের