ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই মামলায় তাকে পাঁচ বছর করে এই সাজা দেওয়া হয়। একই মামলায় শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে চার বছরের এবং ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
এ মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ মোট ১৪ জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ববি ও রূপন্তীর নামে পূর্বাচলের দুটি প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দেন আদালত।
পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত অপর ১২ জন হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মো. অলিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, দুদকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলাম, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) মাজহারুল ইসলাম এবং সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফ। এছাড়া সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেন, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রাজধানীতে আবাসন সুবিধা থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দাখিল করে রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন। এই প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে রাজউকের ওপর প্রভাব খাটান এবং সকল আইন ও বিধিবিধান লঙ্ঘন করেন। আদালত বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।
একইভাবে শেখ রেহানা প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে একই ধারায় ও দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ করেছেন বলে আদালত মনে করেন। টিউলিপ সিদ্দিক বিদেশে অবস্থান করে ফোনের মাধ্যমে তার বোনের নামে প্লট বরাদ্দ নিতে প্রভাব খাটিয়েছেন—এ অভিযোগও প্রমাণিত হয়েছে। তাই তাকে দণ্ডবিধির ১০৯ ধারায় সাজা দেওয়া হয়েছে। অন্য আসামিরা সরকারি কর্মচারী হয়ে আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ফৌজদারি অসদাচরণ করেছেন বলে রায়ে উল্লেখ করা হয়।
শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এতে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়। বর্তমানে ১৭ জন আসামি পলাতক রয়েছেন এবং মামলায় গ্রেপ্তার হয়ে রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে আছেন।
অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের একটি প্লট আজমিনা সিদ্দিকের নামে বরাদ্দ দেন, যদিও তিনি সেই প্লট পাওয়ার যোগ্য ছিলেন না।
এর আগে একই ধরনের অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। সেসব মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ডেঙ্গু: আক্রান্ত কমলেও, থেমে নেই মৃত্যু
গৃহকর্মী নির্যাতন মামলায় স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার
এবার কিউবাকে আল্টিমেটাম দিলেন ট্রাম্প