Monday, February 2nd, 2026, 9:15 pm

একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য- প্রিন্স 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ -১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের দুর্গম গ্রাম বহরভিটায় ঊঠান বৈঠকে বলেন দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বিএনপি যুগান্তকারী ও বৈপ্লবিক কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে।
তিনি আজ (২ ফেব্রুয়ারী) ধোবাউড়ায় পোড়াকান্দুলিয়া, ঘোষগাঁও, গামারীতলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজের নির্বাচনী গণসংযোগ, ঊঠান বৈঠক ও পথসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন ।
আজ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়ে জনগণ আজ বিপর্যস্ত ।
জনকল্যাণে ও দেশের উন্নয়নে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতেই বিএনপি রাজপথে আন্দোলনে ছিল এবং এখন ধানের শীষ প্রতীক নিয়ে  নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। একই সাথে গ্রাম ও শহরের দল মত নির্বিশেষে সকল ধর্ম-বর্ণ ও শ্রেণী- পেশার মানূষের ভাগ্য পরিবর্তন ও অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করবে ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের কৃষক, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের জন্য বাস্তবসম্মত কর্মসূচি দিয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। বর্তমান সরকার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার স্থানীয় সমস্যা রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সীমান্ত এলাকার নিরাপত্তা ও কর্মসংস্থানের সংকট সমাধানে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের সমর্থন পেলে এসব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পথসভা ও উঠান বৈঠকে তিনি গণ ভোটে হ্যাঁ তে এবং সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের দল। জনগণের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ,সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ গড়া সম্ভব।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , যুগ্ম আহবায়ক সোলায়মান সরকার , বিএনপি নেতা রিপন তালুকদার , রফিকুল ইসলাম , আলী হোসেন , দুলাল মিয়া ,জাহের আলী মেম্বর প্রমুখ বক্তব্য রাখেন।