Monday, February 2nd, 2026, 9:22 pm

পীরগঞ্জে টিটিসিতে চাকরি মেলার উদ্বোধন করেন ইউএনও

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)–তে বেকার যুবক–যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রাণ–আরএফএল গ্রুপে চাকরি প্রদানের উদ্দেশ্যে এক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থী ও পীরগঞ্জ এলাকার বেকার যুবক–যুবতীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের গর্বিত পিতা মকবুল হোসেন, প্রাণ–আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার নিখিল চন্দ্র রায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পীরগঞ্জ স্টেশনের অফিসার নাজমুল
ইসলাম। এছাড়াও চাকরিপ্রত্যাশী যুবক–যুবতী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, “জনগণকে জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। বেকারত্ব নিরসনে সরকার দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। টিটিসির মাধ্যমে আধুনিক ও বাজারচাহিদাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে প্রাণ–আরএফএল গ্রুপের মতো প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন যুবসমাজ দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও গতিশীল হচ্ছে। ভবিষ্যতেও টিটিসি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে আরও বেশি যুবক–যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।” পরে ইউএনও দুজন চাকরিপ্রত্যাশীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে চাকরি মেলার উদ্বোধন করেন। এ সময় প্রাণ–আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার নিখিল চন্দ্র রায় বলেন, “প্রাথমিকভাবে আমরা প্রায় পাঁচটি গ্রুপে জনবল নিয়োগ দেব। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছাড়া সকল দক্ষ বেকার যুবক–যুবতী এখানে চাকরির সুযোগ পাবেন।” পরিশেষে সভাপতি মোহাম্মদ জিয়া উদ্দিন দিনব্যাপী চাকরি মেলার সফল সমাপ্তি ঘোষণা করেন।