র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে আদেশ জারি হলে নতুন নামে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। আজ থেকে র্যাব নতুন নামে পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিশেষায়িত এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুত শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
গত দেড় বছরে র্যাবের কার্যক্রমে পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকের প্রত্যাশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।”
উল্লেখ্য, ২০০৪ সালে গঠিত এই বাহিনীর শুরুতে নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’। পরে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’ নামে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার ২২ বছর পর বাহিনীটির নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ করা হলো।
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
সারাদেশে ভোটার স্থানান্তর ৭ লাখ ৭১ হাজার, ঢাকায় ৮৬ হাজার ৮২৫
জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু