জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে চাপা অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সানে তাকাইচি মন্ত্রিপরিষদ পর্যায়ের এক বিশেষ বৈঠক করেন। বৈঠকে তিনি তুষারপাতজনিত মৃত্যু ও দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তায় কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার পর্যন্ত তুষার জমে রয়েছে।
কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠাণ্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। আওমোরির একটি এলাকায় নিজ বাড়ির সামনে তিন মিটার তুষারের স্তূপের নিচে চাপা পড়ে মারা যান জিন নামের ৯১ বছর বয়সী এক বৃদ্ধা। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে গলে পড়া তুষার সরাসরি তার ওপর পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। তার মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
এলপি গ্যাসের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা
পারস্য উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক
যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প