Wednesday, February 4th, 2026, 1:22 pm

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

ছবি: রয়টার্স

 

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে খবর পাওয়া গেছে।

লিবিয়ায় কর্মরত আল-জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা জানিয়েছেন, গত প্রায় এক দশক ধরে সাইফ আল-ইসলাম জিনতান শহরেই অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত বা কী পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

পাশ্চাত্যে শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত সাইফ আল-ইসলাম গাদ্দাফি তাঁর বাবার শাসনামলে নিজেকে তুলনামূলক প্রগতিশীল মুখ হিসেবে তুলে ধরেছিলেন। ২০০০ সালের শুরুর দিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০০৮ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল বিশ্ব শাসনব্যবস্থার সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের আগে সাইফ আল-ইসলামকে লিবিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। একই বছরে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হওয়ার পর সাইফকে জিনতানে বন্দী করা হয়। পরে ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান। মুক্তি পেলেও এরপর থেকে তিনি জিনতান এলাকাতেই অবস্থান করছিলেন।

এনএনবাংলা/পিএইচ