Wednesday, February 4th, 2026, 3:24 pm

গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান

 

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনের মতোই গুপ্ত পরিচয়ের একটি গোষ্ঠী এখন নতুন ধরনের জুলুমের প্রতীক হয়ে উঠেছে, যাদের কাছে দেশের মা-বোনরাও নিরাপদ নন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ পরিচালিত হবে জনগণের রায়ের মাধ্যমে। তিনি উল্লেখ করেন, “আগামী ১২ তারিখ জনগণ তাদের ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার নির্বাচন করবে। কিন্তু ৫ আগস্টের পর থেকে দেখছি, স্বৈরাচার যেভাবে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করত, সেই ধারা এখনো বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে কাজ করছে, আর তারাই এখন নতুন জালিম হিসেবে মানুষের সামনে হাজির হয়েছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অত্যন্ত দুঃখের বিষয়, এই গোষ্ঠীর নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন। যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে দেশের মানুষ কোনো সম্মানজনক আচরণ আশা করতে পারে না।”

তারেক রহমান আরও বলেন, “গুপ্তদের কুমিল্লার একজন নেতা বলেছেন—১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরবেন, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এমন বক্তব্য থেকেই বোঝা যায় তাদের মানসিকতার স্তর কত নিচু। তারা নির্বাচিত হলে দেশের মানুষের ভাগ্যে কতটা দুর্বিষহ পরিস্থিতি নেমে আসতে পারে, তা সহজেই অনুমেয়। তাই এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং উপযুক্ত শিক্ষা দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠী সব সময়ই স্বৈরাচারী শক্তির সঙ্গে হাত মিলিয়ে চলেছে। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং গত ১৫ বছরেও তারা একই ভূমিকায় ছিল বলে মন্তব্য করেন তিনি।

বরিশালের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, “এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা নদীভাঙন। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। উন্নয়নের অনেক কাজ এখনো বাকি রয়েছে। জনগণ সঠিক সিদ্ধান্ত নিলেই এসব সমস্যার সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে অনেক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছিল, কিন্তু তা শেষ করা যায়নি। বিএনপি ক্ষমতায় এলে এসব অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে।”

নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নারীদের ঘরে বন্দি রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তবেই কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

বক্তব্যের শেষ দিকে তারেক রহমান আবারও বলেন, “গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক বক্তব্য দিচ্ছে এবং জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে। তাদের আচরণ থেকেই স্পষ্ট—তারা ক্ষমতায় গেলে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই জনগণকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

এনএনবাংলা/পিএইচ