Wednesday, February 4th, 2026, 5:30 pm

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত একটি পোস্ট প্রকাশিত হওয়ার ঘটনায় তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই ঘটনায় ডিবি মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হ্যাকিংয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় একাধিক অভিযান চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। একই দিনে বিকেল ৪টা ৩৭ মিনিটে একটি অননুমোদিত ও আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। পরে কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে হ্যাকিংয়ের বিষয়ে জরুরি ঘোষণা দেওয়া হয়।

জামায়াতের প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই ফিশিং মেইলটি বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল।

ঘটনার পর রাতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জানান, বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এনএনবাংলা/পিএইচ