রাজশাহীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জাহাঙ্গীর আলম চৌধুরী; বললেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাহিনী, অবৈধ অস্ত্র উদ্ধার চলছে নিয়মিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগের মধ্যে ‘মব ভায়োলেন্স’ বলে কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে তা ফলাও করে প্রচার করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে বিষয়টি সমাজে প্রকাশ পেলে এমনিতেই তিনি কোণঠাসা হয়ে যাবেন। পরিস্থিতি গুরুতর হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এছাড়া রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
লক্ষ্মীপুরে অবৈধ ‘ভোটের সিল’ জব্দ, জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া
টাঙ্গাইল–৮ : স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, কার্যালয়ে তালা ও ভাঙচুরের অভিযোগ