আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এর মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানায় ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে সংরক্ষণ করতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা খামসহ ব্যালটটি হলুদ খামের ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, যদি ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছাতে না পারে, তাহলে তা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্বিত হতে পারে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। এ কারণে প্রবাসী ভোটারদের দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটারসহ দেশের অভ্যন্তরের তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, চলবে ২৫ দিন
নবনির্বাচিত এমপিদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা
পিএসএল : সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর