বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত অনলাইনে ও টেলিভিশনে নানা বক্তব্য দিচ্ছে, কিন্তু তাদের মনে রাখা উচিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় তারা কোথায় ছিল, কী করেছিল—এ প্রশ্ন তাদের করতে হবে। তখন জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে আমাদের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করেছিল, এই ইতিহাস কেউ ভুলতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যেমন ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলন ভুলব না, তেমনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকেও ভুলব না। কারণ সেই যুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীন দেশ পেয়েছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র–জনতার আন্দোলনের ফলে দেশে সরকার পরিবর্তন হয়েছে এবং জনগণ একটি সুষ্ঠু ভোটের সুযোগ পেয়েছে। এবার নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি বা কারচুপির সুযোগ থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর পর আমরা একটি ভালো নির্বাচন করতে যাচ্ছি। এর আগে তিনটি নির্বাচনের কোনোটিই সুষ্ঠুভাবে হয়নি। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল, আর ২০২৪ সালের নির্বাচনের সময় আমরা সবাই জেলে ছিলাম—সেটাও সঠিকভাবে অনুষ্ঠিত হয়নি।”
বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আগ্রহী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এই সরকার চায় জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হোক। সেনাবাহিনী, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল—সবাই নিরপেক্ষ নির্বাচন চায়। তাই এবার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া খুবই জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা চাই—আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটের মাধ্যমে যদি একটি ভালো সরকার গঠন করা যায়, তবে তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে, মানুষের কল্যাণে কাজ করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।”
কৃষকদের কল্যাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যৎ সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে কৃষকরা সার, তেল, সেচসহ কৃষি উপকরণের ন্যায্য মূল্য পায় এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নিশ্চিত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, চলবে ২৫ দিন
নবনির্বাচিত এমপিদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা
পিএসএল : সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর