ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে।’
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তলাবিহীন ঝুড়ির দুর্নাম ঘুচিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন জিয়াউর রহমান। পরবর্তীতে খালেদা জিয়াও সেই পথ ধরে দেশকে এগিয়ে নিয়েছেন।’
ভাষণের এক পর্যায়ে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ নতুন ইতিহাসের সূচনা। নতুন নেতৃত্ব নিয়ে সমগ্র জাতি উন্মুখ হয়ে আছে। জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসবেন। তার নেতৃত্বে নতুন সূর্যোদয় হবে।’
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।
এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া এবং তিনিই প্রতিটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করেন।
উল্লেখ্য, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি।
এনএনবাংলা/

আরও পড়ুন
জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ নয়: হেফাজত আমির বাবুনগরী
আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠানো হবে: অন্তর্বর্তী সরকার
ইসলামাবাদে শিয়া মসজিদে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১, আহত ১৬৯