আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাঁকে প্রকাশ্য জনসভায় দুই হাত জোড় করে ভোটের দিন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার অনুরোধ জানাতে দেখা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের ভিডিওতে সরওয়ার জামাল নিজাম বলেন, “চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভর করে। আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এর গুরুত্ব অনেক। কিন্তু এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব—যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।”
নির্বাচনের ঠিক আগে একজন প্রার্থীর মুখে এ ধরনের অনুরোধ শোনা গেলে তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাঁর এই ‘সময়সীমা বেঁধে দেওয়া’ আহ্বানের প্রকৃত অর্থ কী—তা নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র মত দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে চাঁদাবাজদের প্রতি নমনীয় মনোভাব হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, তিনি কৌশলে এলাকার বিদ্যমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে চেয়েছেন।
নিজ বক্তব্যে সরওয়ার জামাল নিজাম আরও সতর্ক করে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কোনো কুচক্রী মহল বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা করে, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।
এলাকাবাসীর ভাষ্যমতে, চাতুরী চৌমুহনী এলাকাটি আনোয়ারার প্রধান ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় দীর্ঘদিন ধরেই এখানকার ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়ে আসছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে—১২ তারিখের পর কি পরিস্থিতি আবার আগের মতোই হয়ে যাবে?
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক : জামায়াত আমির
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান