চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘোষণাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
এবারের ধর্মঘটে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও (আউটারে লাইটারিং) সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগের ধর্মঘটে বহির্নোঙরে কার্যক্রম চালু থাকলেও এবার সেই সুবিধাও রাখা হচ্ছে না বলে জানানো হয়।
আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন। তিনি বলেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ মোট চারটি দাবিতে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের বাকি তিনটি দাবি হলো— চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে পদ থেকে প্রত্যাহার করা, সাম্প্রতিক আন্দোলনে যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত, পদাবনতি বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা বাতিল করে তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করা এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ না করা।
সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে এর আগে গত শনিবার থেকে সোমবার প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি কর্মসূচি চলে।
তিনি আরও বলেন, নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শুক্রবার ও শনিবার দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। কিন্তু নৌ-উপদেষ্টা প্রতিশ্রুতি রক্ষা না করায় এবার আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে পরিষদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো প্রমুখ।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক : জামায়াত আমির
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান