বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও দেশে ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন। তিনি বলেন, ‘কে রাজনীতি করবে—শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত জনগণই নেবে।’
রয়টার্সের সঙ্গে শুক্রবারের এক সাক্ষাৎকারে, বিদেশে থাকা শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না এই প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘যদি মানুষ তাদের গ্রহণ করে এবং স্বাগত জানায়, তাহলে যে কোনো ব্যক্তির রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে।’
এতে তিনি নির্বাচনের পর সম্ভাব্য ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার ব্যাখ্যা, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে সরকার গঠন করব? তখন সংসদে বিরোধী দলের ভূমিকা কী হবে?’
নির্বাচনী সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন অর্জনে আত্মবিশ্বাসী। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। দলটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে। নির্বাচনে বিএনপি মোট ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকী আসনগুলোতে তাদের জোটসঙ্গীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পররাষ্ট্রনীতির বিষয়ে, নির্বাচিত হলে কোনো এক দেশের দিকে ঝুঁকবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকেই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘সরকারে থাকলে আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে, যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে-ই জনগণ ও দেশের জন্য যৌক্তিক প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব। কোনো নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না।’
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। শেখ হাসিনা বিদেশে থাকায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশ থেকে বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো বিচারাধীন রয়েছে।
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে প্রধান দলগুলোর অবস্থান, সম্ভাব্য জোট রাজনীতি, বিরোধী দলের ভূমিকা, ঐক্য সরকার, এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক—এসব বিষয়ে বড় দলগুলোর স্পষ্ট অবস্থান ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে, ব্যবসায়ীরা ঘুম হারাবে না: জামায়াত আমির
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক : জামায়াত আমির