February 11, 2026
Saturday, February 7th, 2026, 8:36 pm

নাসিরনগরে ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ‍্যাপক একেএম আমিনুল ইসলামের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা সদরে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী  ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দিতে চায়। দেশের মানুষ চাঁদাবাজ দেখতে চায় না। বাংলাদেশের জনগণ মাদক মুক্ত সমাজ দেখতে চায়। ক্ষুধার্তদের মুখে আহার তুলে দিতে চায়। বেকারমুক্ত জীবনযাপন করতে চায়। দেশের জনগণ নিরাপদে জীবনযাপন করতে চায়। বিচারের নামে প্রহসন দেখতে চায় না। ন্যায়বিচার সুরক্ষিত করতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার,তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জামায়াত কঠোর পরিশ্রম করছে। সেসময় তিনি সকলকে জামায়াত ইসলাম অথ্যাৎ দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য  রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোহাম্মদ মোবারক হোসাইন,খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ,বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি  হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ বিন আনসারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী সেক্রেটারি অধ‍্যাপক জুনায়েদ হাসান, শূরা সদস্য মাওলানা খোরশেদ আলম, শূরা সদস্য রাজিবুল হাসান বাপ্পী,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,সাধারণ সম্পাদক বি এম গিয়াস উদ্দিন, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান,জামায়াতের আশুগঞ্জ উপজেলা শাখার আমীর মোহাম্মদ শাহজাহান ভূইঁয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ‍্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি ও এনসিপির সমন্বয়ক মীর হোসেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী  উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি জাহিদুল ইসলাম খোকন, যুব বিভাগের সভাপতি ক্বারী রমজান আলী ও ইসলামী যুব মজলিসের সভাপতি হাফেজ  বায়েজিদ আহাম্মদ পাঠানের যৌথ সঞ্চালনায় এসময় ১১ দলীয় জোটের জেলা- উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এর আগে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমাবেত হন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ‍্যাপক একেএম আমিনুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জনসভাস্থলে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী সমাবেশ চলাকালে বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধির১৩, ৭ (ক) ৭(ঙ) ধারা লঙ্ঘন করে সদরে তোরণ নির্মাণ, রঙিন ব‍্যানার সাটানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।