গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই গণভোটের মূল বিষয় একটাই—কে সংস্কারের পক্ষে আর কে বিপক্ষে। দীর্ঘদিন ধরে যেভাবে দেশ পরিচালিত হয়েছে, যারা সেই শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে সঠিক পথে ফেরাতে হলে অবশ্যই সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কারের পক্ষে, তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করার সাহস কেউ পাবে না।”
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আর মাত্র তিন দিন পরই নির্ধারিত হবে—দেশ কি আগের ধারায় চলবে, নাকি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ পরিচালিত হতে দেখতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির পরিবর্তে আমরা নতুন নেতৃত্বকে সমর্থন করতে চাই।
মির্জা ফখরুল বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত একজন তরুণ ও দূরদৃষ্টিসম্পন্ন মানুষ, যিনি নতুন চিন্তা-ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিসংখ্যান ব্যুরোর তথ্য: টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী
এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান