প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ সমন জারি করেন। আগামী ৫ মার্চ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
আসামিরা হলেন—
- টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও মালয়েশিয়ার নাগরিক প্রেমিত সিং
- টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট, জাপানি নাগরিক আকিও ওগাওয়া
- টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান
আদালত সূত্রে জানা যায়, নাভানা লিমিটেডের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে গত বছরের ৯ জুলাই প্রতিষ্ঠানটির পক্ষে শফিউল ইসলাম মামলা দায়ের করেন। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের নির্দেশ দেয় আদালত, যা পিবিআইকে দেওয়া হয়।
মামলায় উল্লেখ করা হয়, বাংলাদেশে টয়োটা টুশো করপোরেশনের ব্যবসায়িক অংশীদার হিসেবে নাভানা লিমিটেড দীর্ঘদিন ধরে টয়োটা ব্র্যান্ডের একক ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। তবে অভিযুক্তরা পরিকল্পিতভাবে নাভানার বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বাজার পরিস্থিতি ও কর্মদক্ষতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর ফলে নাভানার ব্যবসায়িক সক্ষমতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৮ ডিসেম্বর পিবিআইয়ের ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়—
- গ্রাহকদের অর্ডার করা যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়।
- কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ করা হয়নি।
- এর ফলে নাভানার স্বাভাবিক আমদানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত হয়।
এসব কর্মকাণ্ডে নাভানা লিমিটেড আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়। পাশাপাশি কাস্টমস জটিলতা ও সম্ভাব্য জরিমানার ঝুঁকিতে পড়ে প্রতিষ্ঠানটি।
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৫
হাদি হত্যা মামলা: ফয়সাল, আলমগীর ও ফিলিপ সাংমা ১৪ দিনের রিমান্ডে
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল