Sunday, February 8th, 2026, 9:03 pm

কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে গাজীপুর চা-বাগানে উঠোন বৈঠক ও মিছিল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। শেষ মুহুর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানসহ বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে ভোটারদের উদ্দেশ্যে শওকতুল ইসলাম শকু বলেন, আমি এমপি নির্বাচিত হলে চা-শ্রমিক জনগোষ্ঠীর লোকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, আবাসন ও জীবনমান উন্নয়নের আন্তরিকভাবে কাজ করবো। আমি আশাবাদী এবার চা-শ্রমিক ভাই-বোনেরা ধানের শীষে ভোট দিয়ে আমাকে তাদের সেবক নির্বাচিত করবে।  তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তারা বিএনপিকে ভোট দিতে চায়। আগামী সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে এ বিষয়টি জনগণের কাছে পরিস্কার। তাই কুলাউড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে কুলাউড়াবাসী, বিশেষ করে চা-শ্রমিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। নির্বাচনী প্রচারণায় সকল শ্রেণীর ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আমি বিজয়ী হব।

উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।