গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
স্বাধীনতার ৫৪ বছরে দেশে যে উন্নয়ন হয়নি, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১২ তারিখের নির্বাচনে জনতার রায়ে সরকার গঠন করতে পারলে পাঁচ বছরের মধ্যেই তার চেয়ে বেশি উন্নয়ন বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ। রোববার বিকেলে রংপুর-১ আসনের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী রায়হান সিরাজী।
তিনি বলেন, বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশে দুর্নীতির বাম্পার ফলন হয়েছে। অথচ অতীতে জামায়াতের মাত্র দুইজন মন্ত্রী দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে দু’টাকার দুর্নীতিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা ফখরুদ্দিন-মঈন উদ্দিন সরকারের সময়কার সেই সততা ও শুদ্ধতার রাজনীতির ফসল। তাই জামায়াতের রাজনীতিতে দুর্নীতির কোনো সুযোগ নেই।
রায়হান সিরাজী আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ন্যায্য অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা হবে। নারীকে শুধু ভোটের সময় নয়, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সম্মান, নিরাপত্তা ও মর্যাদা দিতে হবে। ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শের আলোকে জামায়াতে ইসলামী নারীদের অধিকার রক্ষায় কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা রাখবে, বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে দেশের নারীরা নানামুখী বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। জামায়াত ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি, শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।
জনসভায় তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবকদের কর্মমুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিস্তা নদী শাসনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ, কৃষিখাতের উন্নয়ন এবং রংপুর-১ আসনের সার্বিক উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান। উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, সাবেক উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শফিকুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর জেলা সভাপতি বেলাল আবেদীন, পরশুরাম থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট মাহাবুব আলম, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান এবং খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি হাফেজ মমিনুর রহমান।

আরও পড়ুন
রংপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত-বিএনপি প্রার্থীকে শোকজ
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা
রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হবে