Monday, February 9th, 2026, 4:54 pm

একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন সাধারণ মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদের বিভিন্ন অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা তিনি “বায়বীয় প্রতিশ্রুতি” হিসেবে উল্লেখ করেন।

সোমবার ধানমন্ডির কলাবাগান মাঠে এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি জনগণকে এমন প্রতিশ্রুতি দিতে চায়, যা বাস্তবায়ন করা সম্ভব এবং মানুষের সাধ্যের ভেতরে। ভোটারদের এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হবে না, যা তাদের আওতার বাইরে।

তিনি অভিযোগ করেন, একটি দলের নেতাকর্মীরা নকল ব্যালটের সিলসহ হাতেনাতে ধরা পড়েছে। জনগণকে এসব কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে এবং তাদের বিকাশ নম্বর ও এনআইডি নম্বর সংগ্রহ করছে। এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার হারাতে দেওয়া যাবে না। আমরা যদি সতর্ক থাকি, তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না।”

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ এমন দলকে নির্বাচিত করবে, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ছাড়া অন্য কোনো দলের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। তার মতে, এই নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার নয়, বরং দেশ গঠনের নির্বাচন।

বিগত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলের হাসপাতালগুলোতে ওষুধ পাওয়া যায় না, স্কুল-কলেজ ভেঙে পড়ছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। এসব পরিবর্তনের আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি তরুণ ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের পরিকল্পনা করেছে। কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিকে সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানা নির্যাতন-অত্যাচারের মধ্যেও তিনি দেশ ছাড়েননি। বিদেশে গেলে জেল-জুলুম এড়ানো যেত—এমন প্রস্তাব পেয়েও তিনি দেশের জনগণকে ছেড়ে যাননি। “এই দেশ আমার প্রথম ও শেষ ঠিকানা”—খালেদা জিয়ার এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

ঢাকা-১০ আসনে সম্পর্কে তারেক রহমান বলেন, ধানমন্ডির দিকে আমার বিশেষ নজর থাকবে। রবিউল ইসলাম রবির সঙ্গে আমিও ধানমন্ডির উন্নয়নে কাজ করবো। কারণ ঢাকা-১০ আসনের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ধানমন্ডি কিন্তু আমার আত্মীয় স্বজনদের এলাকা। এখানে আমিও কাজ করবো। রবির দেয়া প্রতিশ্রুতি আমিও বাস্তবায়নে সহায়তা করবো।

এনএনবাংলা/