চট্টগ্রামগামী একটি পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে। মালয়েশিয়া থেকে পণ্যবোঝাই অবস্থায় আসা জাহাজটির ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভি ও স্থানীয় একটি মাছ ধরার নৌযান।
থাইল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম দ্য ফুকেট নিউজ রোববার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড আর্ক’। ১১৫ মিটার দীর্ঘ জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।
রওনা দেওয়ার দুই দিনের মাথায় থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি দুর্ঘটনায় পড়ে কাত হয়ে ডুবে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযান ও থাই নেভির উদ্ধারকারী দল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে জাহাজে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে। পরে তাদের ফুকেটের একটি হোটেলে নেওয়া হয়। সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ-এর ব্যবস্থাপক মো. মুকুল হোসেন।
জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। এর মধ্যে ১৪টি কনটেইনারে বিপজ্জনক পণ্য রয়েছে বলে জানা গেছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ