আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন ঘিরে যেন কোনো মহল অবৈধ অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে লে. কর্নেল নাজিম আহমেদ বলেন, গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে মোট ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নির্বাচন ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
অস্ত্র উদ্ধারের বিষয়ে অধিনায়ক নাজিম আহমেদ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—গালিব ইমতিয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু ও মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ। তাদের আরেক সহযোগী স্বপন শেখ অভিযানের আগেই পালিয়ে যান।
এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি. মি. পিস্তল, দুটি ৭.৬৫ মি. মি. পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ টি ৭.৬৫ মি. মি. পিস্তল অ্যামোনেশন, ৫টি ৬. ৩৫ মি. মি. পিস্তল এ্যামোনেশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮টি রামদা ও ৫টি সামুরাই উদ্ধার করা হয়।
গত ১৫ দিনে বসিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ৪টি ও পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটিসহ সর্বমোট ৫টি পিস্তল উদ্ধার করে। এছাড়াও পৃথক দুটি অভিযানে একবার ১০ হাজার ও আরেকবার ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গত ১৫ দিনে বসিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ৪টি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক দুটি অভিযানে একবার ১০ হাজার ও আরেকবার ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়।
লে. কর্নেল নাজিম আহমেদ জানান, পূর্বে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এই অভিযান পরিচালনা করা হয়। স্বপন ও নাহিদ দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “তারা কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী কি না, তা আমরা নিশ্চিত নই। আমরা তাদের রাজনৈতিক পরিচয়ে নয়, সন্ত্রাসী, অস্ত্র বিক্রেতা ও অস্ত্রধারী হিসেবে গ্রেপ্তার করেছি।”
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’: তারেক রহমান
তরুণদের সমাজের ককপিটে বসাতে চাই: জামায়াত আমির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা