February 10, 2026
Tuesday, February 10th, 2026, 1:31 pm

এক ধাপ অবনতি, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ অনুযায়ী বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। সূচকে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান। তিনি জানান, ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ ৮৯ স্কোর পেয়ে এ বছর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। অন্যদিকে মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।

সূচকে ১০০-এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান নিম্নক্রম অনুযায়ী ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী ১৫০তম।

টিআইবি মনে করছে, বাংলাদেশের স্কোর এ বছর এক পয়েন্ট বাড়ার পেছনে জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা তৈরি হওয়াই প্রধান কারণ। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতির প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রে অন্তর্ভুক্ত না থাকায় বাংলাদেশের অবস্থান ও স্কোরে তেমন উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসেনি।

সংস্থাটি আরও জানায়, এ বছর কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ এখনো দুর্নীতিগ্রস্ত দেশগুলোতেই বসবাস করছে এবং বৈশ্বিকভাবে দুর্নীতির প্রবণতা ক্রমেই বাড়ছে। এমনকি যেসব দেশ নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে, সেখানেও দুর্নীতির হার ঊর্ধ্বমুখী।

উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

এনএনবাংলা/পিএইচ