February 12, 2026
Wednesday, February 11th, 2026, 3:11 pm

তরুণ ভোটারদের হাতেই এবারের নির্বাচনের ভাগ্য!

 

সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বত্র বিরাজ করছে ভোটের আমেজ। এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও নবীন ভোটার, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

ধারণা করা হচ্ছে, দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় ৫ কোটিই তরুণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটার প্রায় সাড়ে ৪ কোটি। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮–২১ বছর বয়সী নতুন ভোটার ৮৫ লাখের বেশি এবং ১৮–৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৩২ লাখ। অর্থাৎ মোট ভোটারের এক-তৃতীয়াংশই তরুণ জনগোষ্ঠী।

বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবারের নির্বাচনে তাদের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই প্রজন্মকে আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোও ডিজিটাল প্রচারে বিশেষ জোর দিচ্ছে।

নতুন ভোটারদের মধ্যে রয়েছে নানা প্রত্যাশা। ঢাকা কলেজের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, তিনি পরিবর্তন চান এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ বিন হাবিব দেশের ক্ষমতা কাঠামোয় সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সবার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। তরুণ ভোটার কাইয়ুম হোসাইন নতুন ধারার রাজনীতি দেখতে চান, আর রিয়াজুল ইসলাম মনে করেন সৎ নেতৃত্ব নির্বাচিত হলেই ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

তরুণদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং উদ্যোক্তা উন্নয়ন।

রাজনৈতিক বিশ্লেষক আইনুল ইসলাম মনে করেন, অনেক তরুণ এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন। ফলে তাদের সিদ্ধান্ত আগাম অনুমান করা কঠিন। ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতির কারণে তরুণরা দল ও প্রার্থীদের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, যা এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।

সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররাই হতে যাচ্ছেন সবচেয়ে বড় ‘গেম চেঞ্জার’।

এনএনবাংলা/পিএইচ