ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সারা দেশ থেকে আসা ভোটের ফলাফল গণনা শেষে এ ঘোষণা দেওয়া হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হলেও ভোটগ্রহণ ও গণনা হবে ম্যানুয়ালি। প্রতিটি পোস্টাল ভোট সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে পোস্ট অফিসে পৌঁছানো ভোটগুলোই কেবল গণনার আওতায় আসবে।
গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।
এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন—এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে দ্বৈত নাগরিকত্বধারীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না; প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি সচিব
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা
নির্বাচনে নারীর নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের