February 11, 2026
Wednesday, February 11th, 2026, 7:48 pm

জাতীয় সংসদ নির্বাচন: সংস্কৃতিবান্ধব সরকার, নারীর নিরাপত্তা ও যোগ্যতার মূল্যায়ন চান তারকারা

 

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন ঘিরে দেশের মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। নির্বাচনের ফলাফল নিয়ে সবার মতোই শোবিজ অঙ্গনের তারকারাও আশাবাদী। নির্বাচন ও আগামী সরকারকে ঘিরে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরা হলো—

সংস্কৃতিবান্ধব সরকার হোক: শহীদুজ্জামান সেলিম

অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, সবাই একটি সংস্কৃতিবান্ধব সরকার প্রত্যাশা করেন। চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারের শিল্পীরা চান সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর ভূমিকা থাকুক সরকারের। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা যেন নির্বিঘ্নে নিজেদের সুচিন্তিত রায় দিতে পারেন এবং প্রত্যেকে নিজের ভোট নিজে দিতে পারেন।

নারীদের নিরাপত্তা গুরুত্ব পাক: অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, যে সরকারই আসুক, তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। তিনি চান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হোক। পাশাপাশি নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে। বিনোদন ও চলচ্চিত্র শিল্পের আরও বিকাশের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নির্বাচিত সরকার খুব প্রয়োজন: আজমেরী হক বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, দেশ এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায়। তাঁর প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

নারী-পুরুষ বৈষম্য দূর হোক: শবনম বুবলী

অভিনেত্রী শবনম বুবলী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি চান নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ। নারী-পুরুষের বৈষম্য দূর করে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হোক—এমন প্রত্যাশা তাঁর।

যোগ্যতার মূল্যায়ন হোক: তৌসিফ মাহবুব

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, দেশ পরিবর্তনের জন্য সবার অংশগ্রহণ জরুরি এবং সেই অংশগ্রহণের শুরু ভোটদানের মাধ্যমে হতে পারে। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে যোগ্যতা ও মেধার মূল্যায়ন হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নতুন ধারণা ও উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এনএনবাংলা/