আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঙ্ক্ষিত ভোটের দিন। ছুটি পেয়ে ভোটাধিকার নিশ্চিত করতে নিজ নিজ এলাকায় ফিরছেন মানুষ। অন্য সবার মতো ক্রীড়াঙ্গনের তারকারাও প্রস্তুত ভোট দেওয়ার জন্য। মাঠের এই তারকারা কে কোথায় ভোট দেবেন এবং কেমন প্রার্থী প্রত্যাশা করছেন—জেনে নিন এ ফিচারে।
প্রথমবার ভোট দিতে উচ্ছ্বসিত শেখ মোরসালিন
জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন এখন ফরিদপুরের চরভদ্রাসনে নিজ গ্রামের বাড়িতে। এর আগে ভোটার হলেও খেলার ব্যস্ততায় ভোট দেওয়া হয়নি তার। এবার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
মোরসালিন বলেন, ‘আমি আগে ভোটার হয়েছিলাম, কিন্তু খেলা থাকায় ভোট দিতে পারিনি। এবার খেলা নেই, তাই ভোট দিতে রাতেই বাড়ি চলে এসেছি। প্রথমবার ভোট দেবো—উদ্দীপনাটা অন্যরকম। আমি মনে করি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত, যিনি দেশের জন্য কাজ করবেন, তরুণ প্রজন্মের কথা ভাববেন এবং আমাদের ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবেন।’
শেরপুরে ভোট দেবেন নিগার সুলতানা জ্যোতি
জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সাফল্য নিয়ে দেশে ফিরেছেন। বর্তমানে নিজ এলাকা শেরপুর সদরে অবস্থান করছেন তিনি।
ভোট নিয়ে জ্যোতির মন্তব্য, ‘ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। সবারই তা প্রয়োগ করা উচিত। আমি মনে করি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া দরকার। যারা জিতবেন, তারা যেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন, মৌলিক অধিকার নিশ্চিত করেন এবং নির্বাচনের পর নিজেদের এলাকার মানুষের কথা ভুলে না যান।’
সাতক্ষীরায় প্রথম ভোট দেবেন সাবিনা খাতুন
বাংলাদেশ নারী ফুটবলের সফল অধিনায়ক সাবিনা খাতুন বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ নেপালে টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। এসেছে সাফ ফুটসাল শিরোপাও।
৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘খেলার ব্যস্ততার কারণে আগে ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দেবো। আমি চেষ্টা করবো যোগ্য প্রার্থীকে ভোট দিতে, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয় এবং খেলাধুলা এগিয়ে যায়।’
ফরিদপুরে ভোট দেবেন হকি তারকা আমিরুল ইসলাম
বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোল করে আলোচনায় আসা তরুণ তারকা আমিরুল ইসলাম এখন জাতীয় দলের প্রস্তুতির ফাঁকে ফরিদপুরে নিজ বাড়িতে। ২০ বছর বয়সী এই খেলোয়াড়ও প্রথমবার ভোট দিতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমি প্রথমবার ভোট দেবো। তাই আলাদা রকম উত্তেজনা কাজ করছে। সকালেই ভোট দিতে যাবো। নিজের এলাকা ও দেশের জন্য যিনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, তাকেই ভোট দেবো।’
১২ ফেব্রুয়ারি—এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন পুরো দেশ। অপেক্ষায় ক্রীড়াঙ্গনের তারকারাও।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রশ্নের উত্তরে ঠাকুরগাঁও জেলা আমির: জব্দকৃত টাকা গার্মেন্টস ব্যবসার, ছিল ৭৪ লাখ টাকা
জাতীয় সংসদ নির্বাচন: সংস্কৃতিবান্ধব সরকার, নারীর নিরাপত্তা ও যোগ্যতার মূল্যায়ন চান তারকারা
এবার কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ