শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাস্টার গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাস্টার গোলাম মোস্তফা (৫০) স্থানীয় জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।
ওসি বাহার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ অর্থসহ তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মব্বুল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, খবর পাওয়া যায় স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেছেন। এরপর অভিযান চালিয়ে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। অভিযানের পর গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশে চীনের প্রভাব মোকাবিলায় তৎপর যুক্তরাষ্ট্র, নির্বাচনের পর প্রতিরক্ষা প্রস্তাবের পরিকল্পনা
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ