নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১)-এ চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানান, বুধবার বিকেলের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধার হওয়া অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, টাকাটি তার ব্যবসায়িক কাজের জন্য। তবে এখন পর্যন্ত তিনি অর্থের উৎস সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
আটকের পর অসুস্থ বোধ করলে তাকে প্রথমে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলাল উদ্দিন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তার রক্তচাপ বেড়ে যাওয়ায় হৃদস্পন্দনে অনিয়ম দেখা দিয়েছে। ইসিজি পরীক্ষায় সমস্যা ধরা পড়েছে। ইকোসহ কয়েকটি রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত নন।
এদিকে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল বলেন, বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ ব্যক্তি এবং রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত। তার দাবি, প্রশাসনের নিয়ম মেনেই অর্থ বহন করা হচ্ছিল। তবে অজ্ঞাত কারণে তাকে আটক করা হয়েছে এবং মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, বেলাল উদ্দিন ঠাকুরগাঁও সদরের সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
এনএনবাংলা/

আরও পড়ুন
৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশে চীনের প্রভাব মোকাবিলায় তৎপর যুক্তরাষ্ট্র, নির্বাচনের পর প্রতিরক্ষা প্রস্তাবের পরিকল্পনা
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ