February 12, 2026
Thursday, February 12th, 2026, 2:07 pm

কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

 

সারা দেশের ভোটদানের চিত্র সরাসরি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি মনিটরিং করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

দেশব্যাপী একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল।

নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।

এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসন বাদ দিয়ে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এনএনবাংলা/