রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত ছিলেন, তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোটাররা জানান, আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মতামত জানাতেই তারা ভোট দিয়েছেন। এখন সবার দৃষ্টি ফলাফল ঘোষণার দিকে।
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে গড় ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।
৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এর মধ্যে—
জালভোটের ঘটনা: ৫৯টি
ব্যালট বাক্স ছিনতাই: ৩টি
পোলিং এজেন্টদের বের করে দেওয়া: ১৪টি
প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ: ১৩৫টি
ভোট দিতে বাধা: ১৮টি
অগ্নিসংযোগ: ৪টি
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা: ৩৩টি
প্রার্থী মারধর: ৬টি
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ
রাজধানীসহ বিভিন্ন জেলায় ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ও প্রবীণ ভোটারদের দীর্ঘ সারি ছিল। এবারের নির্বাচনে নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। অনেক ভোটার জানিয়েছেন, তারা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন।
তবে বিভিন্ন জেলায় কিছু অনিয়ম ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। কুষ্টিয়ায় ব্যালট পেপার বাক্সে জমা না দিয়ে কেন্দ্রত্যাগের অভিযোগে একজনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গায় একটি কেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। ঝিনাইদহে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিসাইডিং অফিসারকে অপসারণ করা হয়েছে। ভোলা, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে; এতে কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একই জেলায় দায়িত্ব পালনরত এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। মাদারীপুরে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ফরিদপুরে অনিয়মের অভিযোগে কয়েকজনকে আটক এবং দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শেরপুরে ব্যালট বই ছিনতাই ও জালভোটের ঘটনায় একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জামালপুরে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
প্রার্থী ও পর্যবেক্ষক তথ্য
এবার ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে (শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত)। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।
অন্যদিকে আরেক তথ্যে বলা হয়েছে, মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন, নারী প্রার্থী ৮০ জন।
নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন প্রতিনিধি ছাড়াও কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা ছিলেন। আল জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক নির্বাচন কাভার করেন।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে নির্বাচনে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সার্বিকভাবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দিনটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এখন অপেক্ষা চূড়ান্ত ফল ঘোষণার।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকার আহ্বান: মাহদী আমিন
হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া গণঅধিকারের জসিমের ভোট বর্জন
তিন আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত