ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিএনপির বিজয় অনিবার্য বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও গণতন্ত্রকামী জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, জনগণ যে আবেগ ও প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই ম্যান্ডেট রক্ষা করা সবার দায়িত্ব। তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঠিক গণনা ও ফলাফল ঘোষণায় কোনো ধরনের অসংগতি না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সহিংসতা ও অনিয়মের অভিযোগ
সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে ভোটের আগের রাত থেকেই বিভিন্ন এলাকায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। তিনি দাবি করেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, যা ভোটার উপস্থিতি কমিয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোটের অভিযোগ এসেছে। মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া ও প্রকৃত ভোটারদের ভোট দিতে না পারার ঘটনাকেও তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
মাহদী আমিন দাবি করেন, ভুয়া পর্যবেক্ষক তৈরি করে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আগেই অবহিত করা হলেও পদক্ষেপ আরও কার্যকর হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
‘বিএনপির বিজয় নিরঙ্কুশ’
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মাঝে ভীতি তৈরির চেষ্টা করা হয়েছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন তিনি।
মাহদী আমিন বলেন, “বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের বিজয় আসন্ন, ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্য নেতারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানসহ বগুড়ার ৭ আসনেই জয়ের পথে বিএনপি
১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা