Friday, February 13th, 2026, 12:48 pm

ধৈর্য ধরার আহ্বান জামায়াতের, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষার অনুরোধ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিনভর ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক ভোটার অংশগ্রহণ করেছেন। এজন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে বেসরকারি ফলাফলে জামায়াত ও তার মিত্ররা ৭৬টি আসনে জয়ী হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে নির্বাচনের ফলাফলপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দলটি। ফেসবুক পোস্টে বলা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় অসংগতি ও ‘বানানো তথ্য’ প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের একটি বড় দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত—এসব বিষয় ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করছে।

জামায়াত সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে বলেছে, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণার জন্য অপেক্ষা করতে।

পোস্টের শেষাংশে বলা হয়, “মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশা আল্লাহ অব্যাহত থাকবে।”

এনএনবাংলা/