February 13, 2026
Friday, February 13th, 2026, 4:23 pm

ঢাকার ২০টি আসনে বিজয়ী হলেন যাঁরা, পেলেন কত ভোট

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঢাকা বিভাগের ২০টি সংসদীয় আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ৬টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং ১টিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-১ থেকে ঢাকা-৫

ঢাকা-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বিএনপির খোন্দকার আবু আশফাক জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা-২ আসনে ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আমানউল্লাহ আমান। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।

ঢাকা-৩ আসনে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়। জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৪ আসনে প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৫ আসনে ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন। বিএনপির মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা-৬ থেকে ঢাকা-১০

ঢাকা-৬ আসনে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিএনপির ইশরাক হোসেন জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিএনপির হামিদুর রহমান জয়ী হয়েছেন। জামায়াতের মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ঢাকা-৯ আসনে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিএনপির হাবিবুর রশিদ বিজয়ী হন। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-১০ আসনে ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে বিএনপির শেখ রবিউল আলম জয়ী হয়েছেন। জামায়াতের মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৪৩ শতাংশ।

ঢাকা-১১ থেকে ঢাকা-১৫

ঢাকা-১১ আসনে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে এনসিপির নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

ঢাকা-১২ আসনে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জামায়াতের মো. সাইফুল আলম জয়ী হন। বিএনপি জোটের প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা-১৩ আসনে ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিএনপি-সমর্থিত ববি হাজ্জাজ জয়ী হয়েছেন। মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

ঢাকা-১৪ আসনে ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জামায়াতের মীর আহমাদ বিন কাসেম বিজয়ী হন। বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা-১৫ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জামায়াতের আমির শফিকুর রহমান জয়ী হয়েছেন। বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

ঢাকা-১৬ থেকে ঢাকা-২০

ঢাকা-১৬ আসনে ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জামায়াতের মো. আব্দুল বাতেন জয়ী হয়েছেন। বিএনপির মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ঢাকা-১৭ আসনে ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হয়েছেন। জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা-১৮ আসনে ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন জয়ী হয়েছেন। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা-১৯ আসনে ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিজয়ী হন। এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০ (ধামরাই) আসনে ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে বিএনপির মো. তমিজ উদ্দিন জয়ী হয়েছেন। এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

সার্বিক চিত্র

ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক এনসিপি পেয়েছে ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, খেলাফত মজলিস একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, গণঅধিকার পরিষদ একটি, আন্দালিব রহমান পার্থর বিজেপি একটি এবং গণসংহতি আন্দোলন একটি আসন পেয়েছে।

ফলে ঘোষিত ফলাফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এনএনবাংলা/পিএইচ