February 14, 2026
Saturday, February 14th, 2026, 3:18 pm

বাগেরহাটে ধানের শীষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

 

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

ওসমানের বড় ভাই এনামুল কবির সরদার জানান, এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিলেন। এ সময় তার ভাইসহ কয়েকজনের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধানের শীষের সমর্থকরা রামদা দিয়ে ওসমানের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এনএনবাংলা/পিএইচ