February 16, 2026
Monday, February 16th, 2026, 1:46 pm

লাইসেন্স না দেওয়ায় বহু লোক নাখোশ হয়েছে : তৈয়্যব

 

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব-এর দেশত্যাগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ একটি পোস্ট দেন।

পোস্টে তিনি দাবি করেন, টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎস লাইসেন্স প্রদান। দায়িত্বে থাকাকালে তিনি কোনো লাইসেন্স দেননি, ফলে দুর্নীতির সুযোগও তৈরি হয়নি। লাইসেন্স না দেওয়ায় অনেকেই অসন্তুষ্ট হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত আক্রমণের বদলে তার কাজ নিয়ে সমালোচনা করার আহ্বান জানান।

আইসিটি খাতে তার উদ্যোগের মধ্যে রয়েছে—সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও সংশোধনী ২০২৬, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫, ন্যাশনাল সোর্স কোড পলিসি ২০২৬, ন্যাশনাল এআই পলিসি ও ন্যাশনাল ক্লাউড পলিসির খসড়া। তিনি বলেন, এসবের মাধ্যমে একটি সমন্বিত ডেটা গভর্নেন্স, ডেটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি কাঠামো গড়ে তোলা হয়েছে।

টেলিকম খাতে তিনি জানান, আওয়ামী লীগ আমলের আইন-পলিসি পরিবর্তন করে নতুন লাইসেন্স ও নেটওয়ার্কিং পলিসি ২০২৫, টেলিযোগাযোগ সংশোধনী অধ্যাদেশ ২০২৬, ন্যাশনাল সার্ভেইল্যান্স প্রসেস প্রস্তাবনা ২০২৬, নতুন লাইসেন্স গাইডলাইন ও পারফরম্যান্স বেঞ্চমার্কিং চালু করা হয়েছে।

ডাক বিভাগে ১৮৯৮ সালের আইন পরিবর্তন করে ডাকসেবা অধ্যাদেশ ২০২৬ প্রণয়ন, নতুন ঠিকানা ব্যবস্থাপনা, ডিজিটাল পার্সেল ট্র্যাকিং ও ই-কমার্সভিত্তিক সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া National Digital Transformation Strategy 2025-2030 ও Posts & Telecommunications Transformation Strategy 2025-2030 শীর্ষক দুটি কৌশলপত্র প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, পরিকল্পনা কমিশন, National Board of Revenue, Controller and Auditor General of Bangladesh, Bangladesh Public Procurement Authority, Bangladesh Bureau of Statistics, Bangladesh Bankসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর প্রকল্পে ইনপুট দেওয়া হয়েছে। জাতীয় ডেটা গভর্নেন্স ইন্টারঅপারেবিলিটি ও ওয়ান আইডি ম্যানেজমেন্ট প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং ন্যাশনাল রেসপন্সিবল ডেটা এক্সচেঞ্জ (NRDeX) নিয়ে World Bank-এর সঙ্গে কাজ হয়েছে।

তিনি বলেন, ১১ মাসে সম্পাদিত কাজ ও করণীয় নিয়ে ‘নোট টু সাকসেসর’ লিখে গেছেন, যাতে ভবিষ্যৎ দায়িত্বপ্রাপ্তরা ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ এগিয়ে নিতে পারেন। ব্যক্তিকে তার কাজের মাধ্যমে মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন-পলিসি ও কৌশলপত্রগুলো অনলাইনে পাওয়া যাবে এবং এগুলো নিয়ে গঠনমূলক আলোচনা হলে তার টিমের প্রতি সুবিচার হবে।

এনএনবাংলা/পিএইচ